বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বিশ্ব মাতানো শাকিরা এবার আসছেন বাংলাদেশে

উত্তরা প্রতিদিন বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
বিশ্ব মাতানো শাকিরা এবার আসছেন বাংলাদেশে
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেল-সংগৃহীত ছবি
‘ওয়াকা ওয়াকা’, ‘হিপস ডোন্ট লাই’,‘লা লা লা’-এর মতো গানের সুরে একসময় মেতেছিল পুরো বিশ্ব। ফুটবল বিশ্বকাপের মঞ্চ থেকে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সেই কণ্ঠের মালিক শাকিরা। ল্যাটিন পপের এই বিশ্বতারকাকে ঘিরেই এবার নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের সংগীতপ্রেমীরা। ২০২৭ সালের এপ্রিলে ঢাকার মঞ্চে দেখা যেতে পারে তাকে।
কলম্বিয়ান এই গায়িকাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আয়োজন। শুক্রবার রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ তথ্য জানান তিনি।
তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়। শাকিরা কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কনসার্টের তারিখ, টিকিটের দাম ও বিক্রির সময় নিয়েও কিছু জানানো হয়নি।
শাকিরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবশ্য নতুন নয়। প্রায় দুই দশক আগে, ২০০৭ সালের ডিসেম্বরে, এক মানবিক সফরে এ দেশে এসেছিলেন তিনি। ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত উপকূলীয় মানুষের দুর্দশা দেখতে ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন এই শিল্পী।
পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে শিশু ও স্বজনহারা পরিবারের সঙ্গে সময় কাটান। সেখানে ১১ বছরের নিপা নামের এক শিশুর সঙ্গে তার সাক্ষাৎ বিশেষভাবে মনে দাগ কাটে। সিডরে মা-বাবাকে হারানো মেয়েটি তাকে বাংলায় একটি শোকের গান শুনিয়েছিল। গানের অর্থ ছিল, ‘মা, তুমি যেখানেই থাকো, আমাকে একটি চিঠি লিখো।’
সেই সফরে সিডরের ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত হয়েছিলেন শাকিরা। রাজশাহীতে ইউনিসেফের একটি শিশুবিষয়ক প্রকল্পও ঘুরে দেখেন তিনি।
সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রেকর্ড গড়েছেন শাকিরা। ফেসবুকে প্রথম ব্যক্তি হিসেবে ১০ কোটি লাইক পাওয়ার ইতিহাস তার দখলে। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের আগে মারাকানা স্টেডিয়ামে তোলা তার একটি ছবি মাত্র চার দিনেই পেয়েছিল ৩৫ লাখ লাইক।
এবার সেই তারকাকে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা। পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সংগীতাঙ্গনে যোগ হবে এক স্মরণীয় আন্তর্জাতিক অধ্যায়।