সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো ভিডিওতে রজনীকান্তকে তার সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপটি তিনি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তর করেছেন বলে জানান। নিজের উইলেও এ বিষয়ে সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করেছেন তিনি। ভিডিওতে রজনীকান্ত বলেন, আমার মৃত্যুর পর পুরো সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। আমাকে বাঁচিয়ে রেখেছেন তামিলনাড়ুর যেসব মানুষ, সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তাদের জন্য ব্যয় করা হবে। আমাদের পরিবারের জন্য একটি পয়সাও যাবে না।
অভিনেতার ভাষ্য, তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে। সেই মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবেই তিনি সম্পত্তিটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিওতে রজনীকান্ত ভক্তদের ভালোবাসার কথাও স্মরণ করেন। তিনি বলেন, একসময় কয়েক রুপি দিয়ে দর্শকেরা তার সিনেমার টিকিট কিনতেন। সেই ভালোবাসা ও সমর্থনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। অভিনেতা জানান, চাইলে যেকোনো সময় নিজের উইল পরিবর্তন করতে পারেন। কিন্তু সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন রজনীকান্ত। পরে উইল ও সম্পত্তিসংক্রান্ত কাগজপত্র তার শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন বলে ভিডিওতে জানান অভিনেতা। ১৯৮৯ সালে চালু হওয়ার পর থেকে রাঘবেন্দ্র মণ্ডপ রজনীকান্ত ও তার ভক্তদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিনেতার জনজীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনেরও কেন্দ্র ছিল এই স্থাপনা।
সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে বলে জানানো হয়। এরপর থেকেই সম্পত্তিটির ভবিষ্যৎ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী ধরনের পরিবর্তন আনা হবে, তা এখনো পরিষ্কার নয়। পুরো স্থাপনা হোটেলে রূপান্তর করা হবে, নাকি কেবল একটি অংশ ব্যবহার করা হবে, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই রজনীকান্তের পুরোনো ভিডিওটি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে কাজের ক্ষেত্রে রজনীকান্তকে সামনে দেখা যাবে 'জেলার ২' সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া অশ্বথ মারিমুথুর পরিচালনায় 'ধর্মন' সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে।
উত্তরা / এ এম


