দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতির সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিশিষ্টজনেরা। তাদের মতে, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট দূর, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে প্রকল্পটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর হিসেবে ভূমিকা রাখবে।
আজ শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের শিক্ষক, কৃষিবিদ, নদী গবেষক, প্রকৌশলী, পরিবেশবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষিতে সেচব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রবন্ধে উল্লেখ করা হয়, পদ্মা নদীর পানিপ্রবাহ ঐতিহাসিক মাত্রার তুলনায় আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুকরণের ঝুঁকিতে পড়েছে। ফারাক্কার একতরফা প্রভাবের কারণে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোও শুকিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পদ্মা ব্যারেজ নির্মাণ জরুরি।
প্রবন্ধে আরও বলা হয়, পদ্মা ব্যারেজ নির্মিত হলে নদীতে পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে। এ পানিকে কাজে লাগিয়ে রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে শক্তিশালী ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপনের মাধ্যমে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ এলাকার কৃষিজমি সেচের আওতায় আনা যাবে। এ জন্য মূল খাল, শাখা খাল ও উপখাল নিয়ে কার্যকর সেচ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।
সমীক্ষার বরাত দিয়ে প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারেজ চালু হলে জাতীয় জিডিপিতে ০.৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি প্রতিবছর প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে বরেন্দ্র অঞ্চলের খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সমস্যাও অনেকটা মোকাবিলা করা যাবে।
প্রবন্ধে প্রকল্প বাস্তবায়নে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পদ্মা ব্যারেজের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশ করা সব কাজ যথাসময়ে সম্পন্ন করা। পাশাপাশি উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। বরেন্দ্র অঞ্চলের উচ্চ পানিসংকটাপন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দীঘি অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার সুপারিশ করা হয়।
বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় পদ্মা ব্যারেজ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অব.) মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম, বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ এবং রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।
এ ছাড়া নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার বক্তব্য দেন।
আলোচকরা বলেন, পদ্মা ব্যারেজের সঙ্গে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য নদ-নদীর টেকসই পুনরুজ্জীবন নিশ্চিত করতে হবে। শুধু ব্যারেজ নির্মাণ করলেই হবে না, এর সঙ্গে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও নদী সংরক্ষণ পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। তাহলেই বরেন্দ্র অঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।


