বলিউডের ফ্যাশনিস্তা কারিনা কাপুর খান। দীপাবলির উৎসবে ভোপালের রাজপরিবারের ২০০ বছরের পুরনো পারিবারিক গয়না পরে খবরের শিরোনামে এসেছিলেন। কিন্তু সেই রাজকীয় সাজই এখন তার জন্য বড় আইনি বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা একটি ঐতিহাসিক বহুমূল্যবান লকেট গলায় পরার কারণে আইনি নোটিস পেলেন এই বলিউড অভিনেত্রী।
দীপাবলিতে ডিজাইনার পুণিত বালানার বেজ রঙের কাফতান ও পাগড়ির সঙ্গে সাইফ আলি খানের নানি তথা ভোপালের শেষ নবাব পরিবারের একটি ৩০ ক্যারেটের এমারেল্ড বা পান্না খোদাই করা লকেট পরেছিলেন কারিনা। যেটিতে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল।
অভিযোগ উঠেছে, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেট এভাবে ফ্যাশনের অংশ হিসেবে জনসমক্ষে প্রদর্শন করা এবং উৎসবের পোশাকে তা ব্যবহার করা ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে।
এই অবমাননাকর আচরণের প্রতিবাদ জানিয়েই কারিনা কাপুরের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে।
এর আগে কারিনা ইনস্টাগ্রামে নিজের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’


