দুই বছর পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় ফিরছে বাংলাদেশের সিনেমা। তবে এই প্রত্যাবর্তনে রয়েছে কিছুটা অস্বস্তিও। বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে। অথচ উৎসবের প্রকাশিত তালিকায় সিনেমাটিকে বাংলাদেশের নয়, ফ্রান্সের ছবি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ফলে উৎসবে বাংলাদেশের সিনেমার প্রত্যাবর্তন ঘটলেও দেশের নামটি যেন আড়ালে থেকে যাচ্ছে।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৫টি সিনেমার মধ্যে একমাত্র বাংলা ভাষার ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে এটি।
রুবাইয়াত হোসেনের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সহ-প্রযোজনার এই সূত্রে ছবিটিকে ফ্রান্সের সিনেমা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
একসময় কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিত বাংলাদেশের সিনেমা। ২০২১ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ পেয়েছিল এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার। পরের বছর মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে নির্বাচিত হয়েছিল উৎসবের সেরা সিনেমা হিসেবে। ২০২৩ সালে উৎসবে প্রদর্শিত হয় বাংলাদেশের তিনটি সিনেমা। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। ওই বছর থেকে টানা দুই আসরে উৎসবের তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা।
শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালাতেও বাংলাদেশের অতিথিদের উপস্থিতি ছিল না। রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশের সিনেমা বাদ পড়েছে বলে সে সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ। সেই বিরতির পর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্বাচিত হওয়া তাই বাংলাদেশের চলচ্চিত্রের জন্য তাৎপর্যপূর্ণ। যদিও উৎসবের তালিকায় বাংলাদেশের পরিচয় না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
কলকাতা উৎসবে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তিনি বলেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছের। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে আমরা দাদার বাড়ি হারিয়েছি। আমার চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত। বাংলাভাষী দর্শকরা এটি দেখবেন ভেবে ভালো লাগছে।’
সমসাময়িক ঢাকার প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্পে উঠে এসেছে সৌন্দর্যচর্চা, বিয়ে, নারীর শরীর ও সামাজিক নিয়ন্ত্রণের নানা দিক। মনস্তাত্ত্বিক ভৌতিক আবহ, অতিপ্রাকৃত উপাদান ও দক্ষিণ এশীয় লোককথার মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটি। বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত এক তরুণীকে ঘিরে এগিয়েছে কাহিনি। সমাজের সৌন্দর্যের প্রচলিত মানদণ্ড ও প্রত্যাশার চাপে কীভাবে তার জীবন ক্রমে অস্বাভাবিক হয়ে ওঠে, সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন নির্মাতা।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। আরও রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। এর আগে এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে প্রশংসা পেয়েছে ছবিটি।
উত্তরা / এ এম


