বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
ইয়েমেনের পূর্বাঞ্চলের তাইজে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) এ হামলা চালানো হয়। এরআগে গতকাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির জাজানের একটি তেল পরিশোধনাগারে হামলা চালায়। এতে সেখানে থাকা এক বিদেশি কর্মী নিহত হন। এরপরই আজ সৌদি ইয়েমেনের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

গত জুলাইয়ে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

এর জবাবে হুথিরা তেল স্থাপনা, বিমানবন্দর এবং বাণিজ্যিক রাজধানী রিয়াদকে লক্ষ্য করে প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে।

আজ ১১ জন নিহত হওয়ার ব্যাপারে হুথি সংশ্লিষ্ট বার্তাসংস্থা সাবা নিউজ বলেছে, তাইজ প্রদেশের আল-তুবরার একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়। এতে ১১ জন প্রাণ হারান। যাদের বেশিরভাগই শিশু।


এছাড়া সা’দা অঞ্চলে জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সাবা নিউজ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।


অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।



উত্তরা / এ এম