বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে এসআই, সমালোচনা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
বিএনপির সভায় বিশেষ অতিথির চেয়ারে এসআই, সমালোচনা
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

রাজশাহীর দুর্গাপুরে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে থানার এক উপপরিদর্শককে (এসআই) বসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

জেলা পুলিশ বলছে, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির আসনে বসতে পারেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পানানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।

সভায় প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক হিসেবে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালসহ জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমকে মঞ্চে বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত সারিতে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডলের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার বিশেষ অতিথিদের আসনে বসে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় পুলিশের পেশাগত নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা আমন্ত্রিত অতিথি ছিলেন না। ওই কর্মকর্তা বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন কি না, তা তাঁর জানা নেই। বিষয়টি তিনি খেয়াল করেননি।

এসআই রেজাউল করিম বলেন, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথির চেয়ারটি ফাঁকা থাকায় অল্প সময়ের জন্য সেখানে বসেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এসআই রেজাউল করিম সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা বিশেষ অতিথির আসনে বসতে পারেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, সংসদ সদস্যের প্রটোকলের দায়িত্বে পুলিশ সদস্য থাকতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তিনি দুর্গাপুর থানার ওসির সঙ্গে কথা বলেছেন।