বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বাঘায় গভীর রাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
বাঘায় গভীর রাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
ফাইল ছবি
রাজশাহীর বাঘায় আলুবোঝাই ও কাঠের গুঁড়াবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চণ্ডীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহত নাসির উদ্দিন উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটির চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি বাঘার দিকে যাচ্ছিল। পথে চণ্ডীপুর বাজারে জিয়া মিষ্টিবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী আলুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে নাসির উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক শুক্রবার দুপুরে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে আলুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।