বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীতে সাবেক পৌর মেয়র ও যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ১১

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
রাজশাহীতে সাবেক পৌর মেয়র ও যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ১১
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহীদুজ্জামান শহীদ ও মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাদেরকে বৃহস্পতিবার গভীর রাতে নগরের পৃথক দুটি স্থান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন যুবদলের নেতাকর্মীরা। তাদের মধ্যে সাবেক মেয়র শহীদুজ্জামান শহীদকে মিষ্টি খাইয়ে পুলিশের হাতে তুলে দেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের হেতেমখাঁ সবজিপাড়া ও বর্ণালীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে ডিবি, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানার পুলিশ নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আরও ৯ আসামিকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকার একটি বাসা থেকে মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন যুবদলের নেতাকর্মীরা। এরপর রাত ১টার দিকে বর্ণালীর মোড় এলাকার একটি বাসা থেকে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদকে আটক করা হয়। রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি তাকে মিষ্টি খাইয়ে পুলিশের হাতে তুলে দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, গ্রেপ্তার অন্যরা হলেন- রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. মাসুদ (৫৭), ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের একান্ত সহকারী মুছা আহমদ খান মন্টু (৪০), কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মাসাদুল ইসলাম স্বপন (৫০), রুবেল শেখ (৩৮), তারিফুর রহমান তোর (৩৮) ও সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইদ্রিস আলম (৪২)।

আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ও এসআরইউ'র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকালে নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। ২৬ নভেম্বর দায়ের করা এ মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ১১ জনই এ মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।