রাজশাহীর দুর্গাপুরে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আবদুল মতিন, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, জিয়া পরিষদের সদস্য সচিব গোলাম মোরতুজা মৃধা, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ রেন্টু প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন জানান, চলতি আমন মৌসুমে দুর্গাপুর উপজেলায় ৩৫৫ মেট্রিক টন ধান এবং ১৭১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ২৫ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। অন্যদিকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকা অনুযায়ী লটারির মাধ্যমে ধান বিক্রির জন্য কৃষক নির্বাচন করা হবে। এতে প্রকৃত কৃষকেরা সরকারি সংগ্রহ কার্যক্রমে ধান বিক্রির সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


