সাধারণত পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্যনালীতে ফিরে আসে, তখন অ্যাসিডিটির সৃষ্টি হয়। এর ফলে বুকে জ্বালাপোড়া, মুখে টক স্বাদ এবং খাওয়ার পর অস্বস্তি হতে পারে। যাদের প্রায়ই অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটির সমস্যা থাকে, কিছু খাদ্যাভ্যাস তাদের এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তীব্র অ্যাসিডিটিতে ভুগলে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা উচিত। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-
১. দীর্ঘ বিরতির পর একসঙ্গে অনেক বেশি খাবার খাওয়া
দিনের বেলা খাবার বাদ দিলে, পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। একসঙ্গে অনেক বেশি খাবার খেলে পাকস্থলী প্রসারিত হয়ে যায়, যা অ্যাসিডিটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে নিয়মিত ও সুষম খাবার খান এবং অল্প পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। ধীরে ধীরে খান, খাবার ভালোভাবে চিবিয়ে খান এবং পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া থামিয়ে দিন। অর্থাৎ পেট একদম ঠাসাঠাসি করে ভরবেন না।
২. ভাজা ও চর্বিযুক্ত খাবার অতিরিক্ত খাওয়া
সমুচা, পাকোড়া, পুরি, ঘন ঝোলের খাবার এবং ডুবো তেলে ভাজা স্ন্যাকস খুবই জনপ্রিয়। তবে ‘রিসার্চগেট’ (ResearchGate)-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়, যা অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটির সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
সব ধরনের চর্বিযুক্ত খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি ভাজাভুজি বা ঘন ঝোলের খাবার খেলে আপনার সমস্যা বাড়ে, তবে সেগুলো সীমিত করুন। এর বদলে গ্রিল করা, ভাপানো (স্টিমড) বা হালকা রান্না করা খাবার বেছে নিন।
৩. অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া
মসলাদার কারি, চাটনি এবং প্রচুর মশলাযুক্ত স্ন্যাকস অনেকের ক্ষেত্রে বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে, যদিও মসলা সবার ওপর একইভাবে প্রভাব ফেলে না।
যদি ঝাল বা মসলাদার খাবার খাওয়ার পর বুকে জ্বালাপোড়া অনুভব করেন, তবে খাবারে মরিচ ও কড়া মসলার পরিমাণ কমিয়ে দিন। সব মসলাদার উপাদানই যে অ্যাসিডিটি তৈরি করবে, এমনটা ধরে নেবেন না; বরং আপনার ক্ষেত্রে কোন খাবারগুলো সমস্যা সৃষ্টি করছে তা শনাক্ত করুন এবং সেই অনুযায়ী আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন।
৪. অতিরিক্ত মিষ্টি ও চকোলেটযুক্ত ডেজার্ট খাওয়া
মিষ্টি, কেক, চকোলেট এবং অন্যান্য ভারী ডেজার্ট বেশি পরিমাণে খেলে অস্বস্তি হতে পারে, বিশেষ করে ভারী খাবারের পরপরই এগুলো খেলে সমস্যা আরও বাড়ে। কারো কারো ক্ষেত্রে চকোলেট খেলে রিফ্লাক্স (অম্বল বা বুক জ্বালাপোড়া) শুরু হতে পারে। একবারে অনেকগুলো ডেজার্ট না খেয়ে অল্প পরিমাণে খান এবং দেখুন আপনার শরীর কেমন প্রতিক্রিয়া জানায়। মিষ্টি বা ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না।
৫. অতিরিক্ত চা, কফি বা কার্বোনেটেড পানীয় পান করা
চা, কফি এবং কার্বোনেটেড পানীয় কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটির লক্ষণগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। কার্বোনেটেড পানীয়ের কারণে ঢেকুর ওঠা ও পেটে অস্বস্তি হতে পারে; এছাড়া ক্যাফেইন, বিশেষ করে খালি পেটে গ্রহণ করলে তা কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটির কারণ হতে পারে।
নিয়মিত পানি পান করুন। যদি চা, কফি বা কার্বোনেটেড পানীয়ের কারণে আপনার সমস্যা বাড়ে, তবে সেগুলো কমিয়ে দিন। এর মানে এই নয় যে আপনাকে পুরোপুরি চা বা কফি ছেড়ে দিতে হবে; বরং আপনার শরীর কতটা সহ্য করতে পারে তা বুঝে পরিমিত পরিমাণে গ্রহণ করাই হলো মূল বিষয়।
৬. গভীর রাতে খেয়েই সরাসরি বিছানায় যাওয়া
অফিসিয়াল জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রাতে ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর খাবার বা অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায়।
ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করুন। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে থাকুন; সম্ভব হলে হালকা হাঁটাহাঁটি করতে পারেন। তবে ভারী খাবার খাওয়ার পরপরই খুব বেশি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা এড়িয়ে চলুন।
যদি রাতে প্রায়ই রিফ্লাক্সের সমস্যা হয়, তবে বিছানার মাথার দিকের অংশ কিছুটা উঁচু করে রাখলে লক্ষণগুলো কমতে পারে।
৭. মূল কারণের দিকে নজর না দিয়ে কেবল ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর করা
অনেকেই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে লেবু পানি, ভিনেগার, পুদিনা পাতার পানীয় বা অন্যান্য ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর করেন। তবে এসব পদ্ধতি সবার ক্ষেত্রে কার্যকর নয়, বরং কারো কারো ক্ষেত্রে এগুলো সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। লেবুর রস ও ভিনেগার নিজে থেকেই অম্লীয় (অ্যাসিডিক), আবার পুদিনা পাতা কারো কারো ক্ষেত্রে রিফ্লাক্সের তীব্রতা বাড়িয়ে দিতে পারে।
লক্ষণগুলো গুরুতর হলে বারবার বিভিন্ন ঘরোয়া পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন না। যদি ঘনঘন অ্যান্টাসিড বা অন্য কোনো ওষুধের প্রয়োজন হয়, তবে নিজে নিজে ওষুধ না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিন।
উত্তরা / এ এম


