বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের ১৮৭ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে পেরিয়ে গেছে স্বাগতিকেরা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।

টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে ফেরান জাভিয়ার বার্টলেট। এরপর ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ছাড়ে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারেই ছাড়ে তিনটি, পুরো ইনিংসে মোট ছয়টি। সেই সুযোগে ২৮ বলে ৬৫ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। ২০ বলে ফিফটি করা ব্রুকের ঝড়ে পাওয়ারপ্লেতে ৭৪ রান তোলে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে টম ব্যান্টনের সঙ্গে ৪১ বলে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ব্যান্টন করেন ২২ বলে ৩৯। 

১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১১৯। শেষ দিকে নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নিয়ে রান আটকে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৭ রান তোলে ইংল্যান্ড। যা এমসিজিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এতদিন রেকর্ডটি ছিল ভারতের, ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ১৮৬ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরী। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম ফিফটি। এর আগে স্যাম হার্পার ১৫ বলে ৩২ ও মিচেল মার্শ ৩৭ রান করেন। চৌধুরী ফেরার পর শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। তখন ১১ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংসে দলকে এগিয়ে নেন এডওয়ার্ডস।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। স্যাম কারানের প্রথম বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন এডওয়ার্ডস। পঞ্চম বলে এক রানের প্রয়োজনে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ২৯ রানে ২ উইকেট নেন।

উত্তরা / এ এম