জোহানেসবার্গ টেস্টটা তাওহীদ হৃদয়ের কাছে অম্লমধুর এক টেস্টই হয়ে থাকল। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির পরও ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পর এমনিতেই মন খারাপ। সেখানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি। জরিমানার পাশাপাশি পেলেন ডিমেরিট পয়েন্টও।
হৃদয়কে শাস্তির কথা আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। লেভেল ওয়ান ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসের মধ্যে এটিই ছিল তাঁর প্রথম অপরাধ। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগও উঠেছে হৃদয়ের বিরুদ্ধে। এই ধারা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।
গত পরশু জোহানেসবার্গে প্রথম টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছিলেন হৃদয়। ঘটনাটি ঘটে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর। তখন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স হোয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হৃদয় আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। মানচিত্র দেখুন
মাঠের দুই আম্পায়ার রাজা, হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো জিকুমা অভিযোগ আনেন হৃদয়ের বিরুদ্ধে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি দিয়েছেন হৃদয়কে। ২৫ বছর বয়সী বাংলাদেশের তারকা ব্যাটার অপরাধ স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির লেভেল-১ ভাঙার অপরাধের শাস্তি হিসেবে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
জোহানেসবার্গে প্রথম ইনিংসে হৃদয়ের ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৪০০ রান। দক্ষিণ আফ্রিকা সেই রান টপকে ১৫৭ রানের লিড নেয় প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ইনিংসে দেখা গেল বাংলাদেশের সেই পুরোনো রোগ। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৮ রানে। ১২ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকা ৯ বলে ৯ উইকেটের জয় নিশ্চিত করে। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট।


