বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ম্যানচেস্টারকে আবার লাল করার স্বপ্ন পচেত্তিনোর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
ম্যানচেস্টারকে আবার লাল করার স্বপ্ন পচেত্তিনোর
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

একসময় ম্যানচেস্টার শহরের ফুটবলে আধিপত্য ছিল ইউনাইটেডের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সমীকরণ বদলে দিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে একের পর এক সাফল্য পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বীরা। অন্যদিকে হারানো গৌরব ফিরে পেতে হিমশিম খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শহরের ফুটবলীয় ক্ষমতার সমীকরণ আবারও বদলে দিতে চান মরিসিও পচেত্তিনো।

নতুন ক্লাবের দায়িত্ব নেওয়ার মুহূর্তেই সিটির আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ। তার বিশ্বাস, ম্যানচেস্টার চিরকাল নীল থাকবে না। সময় পেলে শহরের ফুটবলে আবারও লাল রং ফিরিয়ে আনা সম্ভব।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হিসেবে শেষবারের মতো ডাগআউটে দাঁড়ান পচেত্তিনো। সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে হাইতিকে ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। দুই লেগ মিলিয়ে ৮-০ গোলের জয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে জায়গা করে নেয় তারা।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের একটি অনুষ্ঠানে যোগ দেন ৫৪ বছর বয়সী পচেত্তিনো। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ডামার্কাস বিসলি। ২০০৬-০৭ মৌসুমে ধারে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছিলেন তিনি।

আলোচনার একপর্যায়ে পচেত্তিনোকে রসিকতা করে বিসলি বলেন, ‘ম্যানচেস্টার নীল, আর চিরকাল নীলই থাকবে।’

কথাটি শুনেই প্রতিবাদ করেন ইউনাইটেডের নতুন কোচ। হাসিমুখে পচেত্তিনো বলেন, ‘কোনোভাবেই না। দেখবেন। আমাকে সময় দিন, এটা বদলে যাবে।’

কথোপকথনটি ছিল রসিকতাপূর্ণ। তবে পচেত্তিনোর জবাবে নতুন ক্লাবকে ঘিরে তার উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিতও পাওয়া গেছে। ইংলিশ ফুটবলে ইউনাইটেডের হারানো অবস্থান ফিরিয়ে আনতে চান তিনি। যদিও কাজটি যে সহজ হবে না, সেটিও ভালোভাবেই জানেন সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ।

স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে প্রিমিয়ার লিগে শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক কোচ বদল করেও স্থায়ী সাফল্য আসেনি। অন্যদিকে গার্দিওলার অধীনে ইংল্যান্ড ও ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে ম্যানচেস্টার সিটি।

চলতি মৌসুমে ইউনাইটেডের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম ১০ ম্যাচে মাত্র একটি জয় পায় দলটি। অবনমন অঞ্চলে নেমে যাওয়ার পর গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।

পরদিন শুক্রবার পচেত্তিনোকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ইউনাইটেড। চুক্তি অনুযায়ী বুধবার (১৮ নভেম্বর) থেকে তাঁর দায়িত্ব শুরু হওয়ার কথা। ইংলিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আড়াই বছরের চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তিনি।

নতুন চ্যালেঞ্জ নিয়ে অবশ্য বেশ রোমাঞ্চিত পচেত্তিনো। যুক্তরাষ্ট্রের হয়ে শেষ ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ সামনে অনেক বড় চ্যালেঞ্জ। তবে এ ধরনের চ্যালেঞ্জই আমাদের মধ্যে রোমাঞ্চ তৈরি করে।’

ইউনাইটেডের বর্তমান অবস্থান যে ক্লাবটির ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়, সেটিও স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ।

তার ভাষায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব এবং এর অসাধারণ সমর্থকদের জন্য বর্তমান পরিস্থিতি মোটেও প্রত্যাশিত নয়। আমাদের অভিজ্ঞতা রয়েছে। এখন সাধারণ বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সবকিছু সঠিকভাবে এগিয়ে নিতে হবে।’

শুধু নতুন কৌশল কিংবা ফুটবলারদের শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করতে চান না পচেত্তিনো। তার কাছে দল পরিচালনায় ফুটবলারদের সঙ্গে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘সবাইকে কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হবে। মন খোলা রাখতে হবে, কারণ আমি বিশ্বাস করি, ফুটবলাররাও প্রতিদিন আমাদের কিছু না কিছু শেখাতে পারে। ফুটবল আসলে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির বিষয়। এখানে সম্পর্ক, অনুভূতি ও যোগাযোগ গুরুত্বপূর্ণ।’

ইংলিশ ফুটবলে পচেত্তিনোর অভিজ্ঞতা অবশ্য কম নয়। এর আগে সাউদাম্পটন, টটেনহ্যাম ও চেলসির কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিশেষ করে টটেনহ্যামকে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হিসেবে ফরাসি লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে পচেত্তিনোর। তবে প্রিমিয়ার লিগে এখনো শিরোপা জেতা হয়নি তার। এবার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে সেই অপূর্ণতা ঘোচানোর সুযোগ পাচ্ছেন তিনি।

ইউনাইটেডে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের ফুটবলেও নিজের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন পচেত্তিনো। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশটির জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর অধীনে ২০২৫ সালের কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে ওঠে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলোয় খেলেছে দলটি।

বিদায়ী ম্যাচেও জয় দিয়ে শেষ করেছেন পচেত্তিনো। হাইতির বিপক্ষে প্রথমার্ধে ক্রিস্টিয়ান পুলিসিচের দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ১৮ বছর বয়সী হুলিয়ান হলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ডাগআউট ছাড়েন আর্জেন্টাইন কোচ।

তার অধীনে শেষ ছয় ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে ৩৭ ম্যাচে ২৩টি জয়, ১২টি হার ও দুটি ড্র নিয়ে শেষ হয়েছে পচেত্তিনোর যুক্তরাষ্ট্র অধ্যায়।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলার, কর্মকর্তা ও সমর্থকদের উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তাও দেন তিনি।

পচেত্তিনো লেখেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন চেয়েছিলাম দলটি বিশ্বাস করুক যে তারা যেকোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আশা করি এখন সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, দলকে সমর্থন করা সবার মধ্যেও।’

যুক্তরাষ্ট্র জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানিয়েছেন তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। নিজের হৃদয়ের ডাকেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো।

এবার তার সামনে অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন পরীক্ষা। জাতীয় দল থেকে ক্লাব ফুটবলে ফিরে এমন একটি দলকে পুনর্গঠন করতে হবে, যারা একসময় ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ছিল, কিন্তু বর্তমানে লিগে টিকে থাকার লড়াই করছে।

আর সেই পরীক্ষা শুরু হচ্ছে কঠিন এক ম্যাচ দিয়েই। আগামী রোববার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের ডাগআউটে অভিষেক হবে পচেত্তিনোর। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।


উত্তরা / এ এম