সাধারণ মানুষের যাতায়াতে সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। মোহাম্মদপুরের ভেতর দিয়ে কিংবা ধানমন্ডির ভেতর দিকে অথবা সবুজবাগের ভেতর দিয়ে এটি যেতে পারবে। আমরা যদি এই মনোরেল ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আরও সুবিধাপ্রাপ্ত হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, পৃথিবীর যে কোনো জনবহুল জায়গায় দুটো সময়ে রাস্তায় কিছুটা ট্রাফিক জ্যাম থাকে। একটি হচ্ছে সকালে অফিস বা স্কুলের সময় এবং আবার যখন স্কুল বা অফিস যখন ছুটি হয় তখন। পৃথিবীর যে কোনো বড় শহরেই এই দুটো সময় দুই-তিন বা চার ঘণ্টার মতো জ্যাম থাকে। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশেও একই জিনিস পরিলক্ষিত হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি সেটাও যাতে কম করা সম্ভব হয়। যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।
সংসদকে প্রধানমন্ত্রী আরও অবহিত করেন, বর্তমানে ঢাকার বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা আছে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। এছাড়া খেয়াল করে দেখবেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল বসানো হয়ে গেছে। যদিও সেগুলো এখনো কাজ করা শুরু করেনি। আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।
তারেক রহমান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে সেটার উন্নতি হবে। চলাচলের আরও উপযোগী হবে এবং মানুষের জন্য সুবিধা হবে। একইসঙ্গে যানজট ইনশাআল্লাহ তুলনামূলক অনেক কমে আসবে।
উত্তরা / এ এম


