রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।
আজ বুধবার রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
সভায় সিদ্ধান্ত হয়, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক আসনের বিপরীতে প্রাথমিকভাবে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও অংশগ্রহণের সুবিধা বিবেচনায় রুয়েটের পাশাপাশি বুয়েটেও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ছাড়া ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।
জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। এ ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য বিষয়ে প্রয়োজন অনুযায়ী স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরা / এ এম


