বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর কাছে তিনি এসব বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন।

সংসদে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ জনতা ব্যাংকের বিশাল অঙ্কের খেলাপি ঋণের চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত বছরের জুন পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এনএক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।


তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগকৃত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের মাধ্যমেই এই ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।

সরকারের নির্বাচনি ও পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে দেওয়া হবে এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। গত অক্টোবরেও মাননীয় অর্থমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেছিলেন।


এরপরই জনতা ব্যাংকের সাম্প্রতিক এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখলাম মাঝারি পরিসরের একটি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যেই সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক অর্থ অনিয়মের অভিযোগ রয়েছে।


উত্তরা / এ এম