রাজশাহীর দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতাউর রহমানের বসতঘরের দুটি কক্ষসহ ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতঘরের দুটি কক্ষের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানরাও এই নিঃস্ব পরিবারগুলোর পাশে এগিয়ে আসবেন।


