বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি আদায় না হলে আগামীকাল সোমবার থেকে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

আজ শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চিঠি চালাচালি, হাসপাতাল পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের লেখাপড়ার খরচের তুলনায় তাঁদের বেতন অত্যন্ত কম। ফলে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনা করে সমাধানের জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, কর্তৃপক্ষ দ্রুত তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে তাঁরা সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।