বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বোমা দুটি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালায় আছড়ে পড়ে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।