বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বাঘায় গ্রামীণ ব্যাংক চত্বর থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

উত্তরা প্রতিদিন বাঘা প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
বাঘায় গ্রামীণ ব্যাংক চত্বর থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় চত্বর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংক কার্যালয়ের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি লাল টেপে মোড়ানো ককটেল পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গ্রামীণ ব্যাংকের মনিগ্রাম শাখা ব্যবস্থাপক মো. মহসিন রেজা জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংকের এরিয়া ম্যানেজার হাঁটতে বের হয়ে কার্যালয় চত্বরে ককটেলগুলো দেখতে পান। খবর পেয়ে সকাল ৬টা ১৫ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, আগের রাতে ব্যাংক কার্যালয়ের সামনের প্রধান সড়কে পুলিশ পাহারায় ছিল। ভোরে পুলিশ চলে যাওয়ার পর দুর্বৃত্তরা ককটেলগুলো ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। 

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, সকাল ৮টা থেকে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ককটেল নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

এদিকে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্যাংক কার্যালয়ের ভেতরে ও বাইরে মোট ছয়টি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা গেছে। বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হচ্ছে।

বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখানে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। ককটেল নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।