বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং কাঠামোগত অসামঞ্জস্যের অভিযোগে পরিচালিত তদন্তের পর এসব দেশের বিভিন্ন পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, তদন্ত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে শুল্কের হারও ভিন্ন হবে। এর মধ্যে চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হচ্ছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর ওপর ২০ অথবা ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
বিবিসির খবরে বলা হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে হওয়া কিছু বাণিজ্যিক চুক্তিতে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকায় কয়েকটি দেশের ক্ষেত্রে নতুন শুল্কের কার্যকর হার কম হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তে এসব দেশের উৎপাদন ও শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার বিষয়টি খতিয়ে দেখা হয়। তদন্তের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরা / এ এম


