ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে কোনোভাবেই গরু জবাই করতে দেওয়া হবে না। এ বিষয়ে শিগগিরই নতুন বিল আনা হবে। বিদ্যমান আইন থাকা সত্ত্বেও গোপনে গরু জবাইয়ের মতো কর্মকাণ্ড চলছে উল্লেখ করে তিনি বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিষ্কার কথা, এ রাজ্যে গরু জবাই করতে দেব না।’
তিনি আরো বলেন, প্রতিটি প্রাণীরই স্বাভাবিক আয়ুষ্কাল রয়েছে। তবে জোর করে গরু হত্যা করা যাবে না। এ বিষয়ে ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টে নির্দেশনা রয়েছে। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, রাজ্যে বয়স্ক ও অসুস্থ গরুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, গোশালা, প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তিপর্যায়ে গরুর দেখভালের জন্য বছরে সর্বোচ্চ এক লাখ রুপি সহায়তা দেওয়া হবে।
এ সহায়তা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর পৃথক নির্দেশিকা প্রকাশ করবে। গরুর সংখ্যার ভিত্তিতে সহায়তার পরিমাণ নির্ধারণ করা হতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী।
উত্তরা / এ এম


