রাজশাহীর পুঠিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারাবন্দী আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
কারাবন্দী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম জানান, ঘটনার সময় তিনি ও তার দুই ছেলে বাড়িতে ছিলেন। গভীর রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের তিনজনকে জিম্মি করে। এরপর ঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ৩০ হাজার টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। তার স্বামী বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত ৩টার দিকে বাড়িটি থেকে চিৎকার ও শোরগোল শুনে তারা ছুটে যান। এ সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় আব্দুস সামাদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।


