বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

স্নাতক পাস ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নয়

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
স্নাতক পাস ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নয়
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এসব কমিটির সভাপতি হতে হলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

গত রোববার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব মোহাম্মদ সোনারায় হোসেনের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে।

নির্দেশনায় মাউশি বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত শর্ত সাপেক্ষে এ যোগ্যতা বিবেচনার সুযোগ রাখা হয়েছে।


গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া উল্লেখ করে পরিপত্রে বলা হয়েছে, এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পাশাপাশি মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচনের বিষয়ে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কমিটির অন্যান্য সদস্য নির্বাচন ও মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে। আগে গঠিত কমিটিগুলোর ক্ষেত্রেও পরিপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।



উত্তরা / এ এম