উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর উপস্থিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক এবং জনসেবামূলক কাজের চাপের কারণে আসতে দেরি হয়েছে। তবে জীবনে সফল হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের সব সময় সময় মেনে চলার পরামর্শ দেন তিনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মন্ত্রী। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলোতে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে প্রতিষ্ঠানের ভবনগুলোর নামকরণ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদান তুলে ধরেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, জগদীশচন্দ্র বসু উদ্ভিদের প্রাণ থাকার বিষয়টি আবিষ্কার করে বিজ্ঞানের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাজশাহীর কৃতী সন্তানদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী টোকিও ট্রাইব্যুনালে বিচারক জি এন রায় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একইভাবে শিকাগো টাওয়ারের নকশাকার স্থপতি এফ আর রহমানের উদাহরণ টেনে তরুণদের বিশ্বমানের মেধা ও দক্ষতা অর্জনের তাগিদ দেন তিনি।
প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য শিগগিরই একটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বাস বরাদ্দের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও প্রতিভার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার প্রশংসা করেন তিনি। জান্নাতুল মাওয়াকে মাইক ব্যবহারের কৌশল নিয়েও পরামর্শ দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়জুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়, বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। তোমরাই দেশের ভবিষ্যত। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
তিনি আরো বলেন, রাজশাহীকে সত্যিকার অর্থেই ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। সকলে সম্মিলিতভাবে আরো রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


