বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পান বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে—যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা নিচ্ছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাঁদের নিজেদের জীবনে কাজে লাগে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।
আজ শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।
ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান ও তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে তাঁরা সব সময় নেতৃত্বের আসনে ছিলেন।রাজনৈতিক খবর পড়ুন
এ সময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সে সময় কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে।’ গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন।
রাষ্ট্রপতি বলেন, যাঁরা ফ্যাসিবাদকে বিদায় করেছেন, তাঁদের সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এ জন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাঁদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছেন এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন—তার বাস্তব প্রতিফলন ঘটুক।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বাড়াতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।