বিশ্বের অন্যতম প্রাচীন গুপ্তচরবৃত্তির কৌশলই হয়তো বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির পতনের পেছনে ভূমিকা রেখেছে। চীনা গুপ্তচর হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় থাকা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার পদত্যাগ করেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াং তার অধীনস্থ প্রতিষ্ঠানের এক নির্বাহীর সঙ্গেও আলাদা একটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। তবে চীন সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘চীনের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়’ বলে অভিহিত করেছে।
বিদেশিদের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে প্রেমের সম্পর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল ‘হানি ট্র্যাপ’ নামে পরিচিত। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এই কৌশলের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাবেক সিআইএ কর্মকর্তা এবং চীনের গুপ্তচরবৃত্তির কৌশল সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের অন্য কর্মকর্তাদের মতে, চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি নিয়মিতভাবে এ ধরনের ফাঁদ পাততে নারী এবং কখনো কখনো পুরুষদেরও নিয়োগের চেষ্টা করে।
শিল্প খাতের গোপন তথ্য সংগ্রহ কিংবা বিদেশি সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল সম্পর্কে ধারণা পেতে ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করা হয়। সিআইএর সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স বিশ্লেষক পিটার ম্যাটিস বলেন, হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাব বিস্তারের কাজও করা হয়। এ ক্ষেত্রে গুপ্তচরেরা লক্ষ্যবস্তু ব্যক্তির এতটাই আস্থা অর্জনের চেষ্টা করেন, যাতে চীন সম্পর্কে তার চিন্তাভাবনা প্রভাবিত করা যায়।
ওয়াশিংটন ডিসিভিত্তিক জাতীয় নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ম্যাটিস বললেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের নজরে রাখা উচিত, তা হলো, শত্রুপক্ষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রবেশ করার একটি ঐতিহ্য লালন করে মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি।’
চীনের গোয়েন্দা তৎপরতা নিয়ে কাজ করা গবেষক নিকোলাস এফতিমিয়াদেস ৩৪ বছরের বেশি সময় সিআইএ ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করেছেন। বর্তমানে তিনি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তার মতে, দেশে ও বিদেশে তথ্য সংগ্রহের জন্য সাধারণ চীনা নাগরিকদের কাজে লাগানোর অনেক কৌশলের মধ্যে হানি ট্র্যাপ একটি।
এফতিমিয়াদেস বললেন, ‘সিআইএ, এমআই৬ কিংবা পশ্চিমা অন্য কোনো গোয়েন্দা সংস্থার মতো নয় চীন। দেশটির রয়েছে “সমাজের সর্বস্তরকে কাজে লাগানোর কৌশল”। চীনের আইনও এ ক্ষেত্রে সহায়তা করে। ২০১৭ সালের জাতীয় গোয়েন্দা আইন অনুযায়ী, গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নাগরিকদের সহযোগিতা করা বাধ্যতামূলক।’
তিনি ‘চাইনিজ ইন্টেলিজেন্স অপারেশন্স: অ্যান অ্যানালাইসিস অব দ্য পিপলস রিপাবলিক অব চায়নাস ইন্টেলিজেন্স’ বইটির লেখক।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে হানি ট্র্যাপ কৌশল ব্যবহার করেছে চীন সরকার। ২০১০-এর দশকে ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক তহবিল সংগ্রাহক হিসেবে কাজ করতেন ক্রিস্টিন ফ্যাং। এ সময় ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। সোয়ালওয়েল কংগ্রেস সদস্য হওয়ার আগে ও পরে এই সম্পর্ক ছিল।
ফ্যাংকে গুপ্তচর বলে সন্দেহ করছে এফবিআই, এ বিষয়ে সোয়ালওয়েলকে সতর্ক করেছিল সংস্থাটি। কোনো অন্যায় করার কথা অস্বীকার করেন সোয়ালওয়েল। পরে ফ্যাং চীনে পালিয়ে যান।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য লস অ্যাঞ্জেলেসের ব্যবসায়ী ক্যাটরিনা লিউংকে ১৮ বছরে ১৭ লাখ ডলার দিয়েছিল এফবিআই। তবে লিউং এফবিআইয়ের দুই কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পরে সংস্থাটি জানতে পারে, তিনি দ্বৈত চর হিসেবে কাজ করছিলেন।
হানি ট্র্যাপের সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ১৯৬০-এর দশকের। সে সময় ফ্রান্সের এক তরুণ কূটনীতিক বেইজিং অপেরার এক পুরুষ শিল্পীর সঙ্গে প্রায় দুই দশক ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ওই শিল্পীকে তিনি নারী বলে মনে করতেন। এ ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘এম বাটারফ্লাই’ নাটক ও চলচ্চিত্র।
এনভিডিয়া-সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত নারী অ্যালিস হুয়াং একজন চীনা ব্যবসায়ী। তার প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার উন্নত চিপের অন্যতম বড় ক্রেতা ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসের ওপর নজরদারি করছিল। তার যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে পারে তারা।
হংকংয়ের ব্যবসায়ী ও চীনের অভ্যন্তরীণ মহলের সাবেক ঘনিষ্ঠ ব্যক্তি দেশমন্ড শুমের মতে, এ ধরনের ঘটনায় সাধারণত যাদের দেখা যায়, অ্যালিস হুয়াং তাদের মতো নন। তার ধারণা, অ্যালিসকে চীনে ‘হোয়াইট গ্লাভ’ বলা হয়। অর্থাৎ তিনি কয়েক শ কোটি ডলারের বাণিজ্যিক চুক্তির আড়ালে থাকা প্রতিনিধি বা মধ্যস্থতাকারী হতে পারেন। শুমের মতে, এ ধরনের ভূমিকা তাকে মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির নজরদারি থেকে সুরক্ষা দিয়ে থাকতে পারে।
শুম মনে করেন না, অ্যালিস হুয়াং পেশাদার গুপ্তচর। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালিস খুব একটা সতর্ক ছিলেন না। সেখানে তিনি বিলাসবহুল কান্ট্রি ক্লাব ও বিদেশের অভিজাত পর্যটনকেন্দ্রে ভ্রমণের ছবি প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যে নিজের বাড়ি থেকে এনপিআরকে শুম বললেন, ‘কোনো গুপ্তচর এমনটা করতেন না।’
চীনবিষয়ক ব্যবসায়িক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি রিস্কসের প্রধান আইজ্যাক স্টোন ফিশ আগে চীনে সাংবাদিকতা করেছেন। তার ধারণা, এনভিডিয়ার প্রধানের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের কথা জানার পর মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি তার সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে।
স্টোন ফিশ বললেন, ‘ধারণা করা যায়, কোনো চীনা নাগরিক যখন অত্যন্ত ক্ষমতাধর কোনো মার্কিন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান, তখনই মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বিষয়টি নজরে নেয়।’
গুপ্তচরবৃত্তির উপন্যাস ও চলচ্চিত্রে হানি ট্র্যাপ একটি পরিচিত কৌশল। নেটফ্লিক্সের ব্ল্যাক ডাভস, এফএক্সের দ্য আমেরিকানস, অ্যাপল টিভির স্লো হর্সেস এবং জেমস বন্ড সিরিজের ফ্রম রাশিয়া উইথ লাভ চলচ্চিত্রেও এ ধরনের কৌশল দেখা গেছে।
তবে বাস্তবে এ ধরনের অভিযানে নারীদের নিয়োগের জন্য চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা যোগাযোগ করলে তা তাদের জন্য বিব্রতকর ও অপমানজনক হয়ে ওঠে। এই কৌশল বর্ণবাদী ও লৈঙ্গিক বৈষম্যমূলক ধারণাকে আরও জোরদার করে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন বিপুলসংখ্যক চীনা নাগরিককেও সন্দেহের মুখে ফেলে।
চীন ছাড়াও অনেক দেশের গোয়েন্দা সংস্থা হানি ট্র্যাপ ব্যবহার করেছে। রাশিয়া ঐতিহাসিকভাবে ব্ল্যাকমেল ও প্রভাব বিস্তারের জন্য যৌনকর্মীদের ব্যবহার করেছে। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুপাঠ্য ও মার্জিত আচরণের পুরুষ গুপ্তচরদের পশ্চিম জার্মানিতে পাঠাত। এসব গুপ্তচর ‘রোমিও’ নামে পরিচিত ছিলেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও ১৯৫০-এর দশক থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত মিসর, ইরাক ও ইরানের মতো দেশে হানি ট্র্যাপ ব্যবহার করেছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিয়ে একাধিক বইয়ের লেখক অনুসন্ধানী সাংবাদিক ইয়োসি মেলম্যান বলেন, সাইবার গুপ্তচরবৃত্তি ও ডিজিটাল ফাঁদ বেশি কার্যকর প্রমাণিত হওয়ায় এ কৌশলের ব্যবহার কমে এসেছে।
সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যৌন সম্পর্কের ফাঁদ ব্যবহারের নজির রয়েছে যুক্তরাষ্ট্রেরও। তবে দেশটির সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন, এখন মার্কিন গোয়েন্দারা আদর্শিক অবস্থানকে কাজে লাগিয়ে মানুষকে আকৃষ্ট করতে বেশি পছন্দ করেন। এ ছাড়া কলেজের টিউশন ফি কিংবা অসুস্থ পরিবারের সদস্যের চিকিৎসার খরচ দেওয়ার মতো আর্থিক প্রণোদনাও দেওয়া হয়।
এফতিমিয়াদেস বলেন, বিভিন্ন দেশ বারবার ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের হানি ট্র্যাপের লক্ষণ সম্পর্কে সতর্ক করলেও অহংবোধ ও আত্মমুগ্ধতা মানুষের দুর্বলতা হিসেবেই রয়ে গেছে। আর এ কারণেই পুরুষেরা এখনো এ ধরনের ফাঁদে পা দেন।
তিনি বললেন, ‘পুরুষজাতিকে স্বাগতম। এ বিষয়ে কি সবাই জানেন? হ্যাঁ। কিন্তু সবাই কি মনে করেন, তাদের সঙ্গে এমনটা ঘটবে? না। আর আপনারা জানেন, এমন ঘটনা সব সময়ই ঘটছে।’
সূত্র: এনপিআর
উত্তরা / এ এম


