বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

মাথানত করবে না ইরান, অভ্যন্তরীণ সক্ষমতায় অর্থনৈতিক সংকট কাটাবে: পেজেশকিয়ান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
শেয়ার
মাথানত করবে না ইরান, অভ্যন্তরীণ সক্ষমতায় অর্থনৈতিক সংকট কাটাবে: পেজেশকিয়ান

চাপ ও নিষেধাজ্ঞার কাছে ইরান মাথানত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করেই ইরান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বলেও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। খবর আলজাজিরা।

তুরস্কে চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা এবং নানা ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশটির জনগণের মনোবল দুর্বল করা সম্ভব হয়নি। ইরানের ভালো বন্ধু ও প্রতিবেশী রয়েছে। বিশেষ করে ইরাকি কুর্দিস্তানের জনগণের সঙ্গে সুসম্পর্ক থাকায় শত্রুরা দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, ইরানের শত্রুরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানার চেষ্টা করছে। এমনকি খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করেছে।

পেজেশকিয়ান বলেন, কিছু দেশের নেতাদের মতো ইরানের নেতৃত্ব কিংবা জনগণ কেউই অন্যায়ের কাছে মাথা নত করবে না।

বৈঠকে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। জবাবে বারজানি বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে তার অঞ্চল প্রস্তুত রয়েছে।



উত্তরা / এ এম