বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
শেয়ার
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগেনি বলে জানিয়েছে কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।

ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার করা বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে শুক্রবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ তোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে পল্লীবিদ্যুতের অভিযোগকেন্দ্রে ফোন করে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে নির্দেশ দিয়ে ওই এলাকার বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরে পল্লীবিদ্যুতের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভবনের মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা যায়, মিটারের সঙ্গে সংযুক্ত তার অক্ষত রয়েছে। মিটারের বাইরের প্লাস্টিকের কভার পুড়ে গেলেও ভেতরের সার্কিট অক্ষত ছিল।

‘মেইন সুইচের কাটআউটে থাকা ফিউজটির ধারণক্ষমতা আনুমানিক তিন অ্যাম্পিয়ার। শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজটি কেটে যাওয়ার কথা। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনের সার্ভিস ড্রপ তার কিংবা ট্রান্সফরমারের ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ঘটনাস্থলে এসবের কোনোটিরই ক্ষতি হয়নি। সার্ভিস ড্রপ তার অক্ষত রয়েছে এবং ট্রান্সফরমারের ফিউজও কাটেনি’-উল্লেখ করেন তোজাম্মেল হক।

উদ্ধার করা আলামত ও সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে পল্লীবিদ্যুতের এ কর্মকর্তা বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।’


এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পুরনো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে সেখানে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।


বুধবার দিবাগত রাতের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সংসদে আলোচনা ও হট্টগোলের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নুসরাতের পৈতৃক গ্রামের বাড়িটি পরিত্যক্ত এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনেক পুরনো। এ কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের দাবি, পেট্রলবোমা ছুড়ে তার পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় এনসিপি নেতারাও আওয়ামী লীগকে দায়ী করছিলেন।

বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



উত্তরা / এ এম