সংবাদ প্রকাশের জেরে পাবনার বেড়ায় আরিফ খান নামের এক সাংবাদিককে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ধারাবাহিকভাবে এসব হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে হুমকির কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। নিজের নিরাপত্তা চেয়ে তিনি সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আরিফ খান জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিকতা শুরুর পর থেকেই বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে সংবাদ প্রকাশ করে আসছেন আরিফ খান। তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদে প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়া উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়েও একাধিক প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত সনদ ও অনুমোদন ছাড়াই কবিরাজির নামে হালিম কবিরাজের অপচিকিৎসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন আরিফ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহের সময় তাকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি বলে জানা গেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের কথিত চেম্বার সিলগালা করা হয়।
সাংবাদিক আরিফের অভিযোগ, এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে এবং গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
আরিফ খান বলেন, এর আগেও তিনি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধ নিয়ে একাধিক আলোচিত প্রতিবেদন করেছেন। সেসব প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন সময় চাপ এসেছে। তবে সর্বশেষ তিনটি সংবাদ প্রকাশের পর থেকে তাকে আরও বেশি চাপে ফেলার চেষ্টা চলছে। এখন ফোন করে রাস্তায় ফেলে কুপিয়ে, জবাই করে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব ফোনকলের রেকর্ড তার কাছে রয়েছে। কয়েকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, তার প্রকাশিত সংবাদ নিয়ে কারও অভিযোগ থাকলে আইনিভাবে মোকাবিলা করতে পারেন। কিন্তু তা না করে হুমকি দিয়ে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। তার প্রকাশিত প্রতিবেদনগুলোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
আরিফ বলেন, ‘সত্য তথ্য প্রকাশ করা কি আমার অপরাধ? এভাবে চলতে থাকলে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে।’ তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বলেন, সাংবাদিক আরিফ তার প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেছেন। সাংবাদিকদের কাজই হলো সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরা। এ কারণে একজন সাংবাদিককে ধারাবাহিকভাবে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, ইতিমধ্যে থানায় জিডি করা হয়েছে। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতাদের শনাক্ত করতে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
উত্তরা / এ এম


