সাবেক রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার মামলায় লিমন মিয়া (৩৪) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এ সময় তিনি ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে হত্যা করেন এবং তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর আহত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী লিমন মিয়াও আহত হন। পরে বিচারকের স্ত্রী ও লিমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরদিন শুক্রবার বিচারক মোহাম্মদ আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করা হয়।
পিপি আলী আশরাফ মাসুম বলেন, আদালত আসামি লিমন মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


