উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করতে হবে। আউটকাম-বেইজড এডুকেশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কর্মক্ষেত্রে কেমন করছেন, সে বিষয়ে বিভাগগুলোকে খোঁজ রাখতে হবে। শুধু মূল্যায়ন করে ফল প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না; পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
কর্মশালার মূল বক্তা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের সফট স্কিল ও হার্ড স্কিল অর্জনের পাশাপাশি উদ্যোক্তা ও স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করতে হবে।
তিনি অ্যাক্রেডিটেশনের ধারণা, বিএসির ভূমিকা ও অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া তুলে ধরে জানান, বিএসির অ্যাক্রেডিটেশন কাঠামোতে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাক্রেডিটেশনের আবেদন করতে প্রয়োজন হয় ২০৮টি ডকুমেন্ট। এসব নথি প্রস্তুত, সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপনের বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।
এ ছাড়া বিএসির উপপরিচালক ড. ফারজানা শারমিন আবেদনের অভিপ্রায় (ইনটেন্ট টু অ্যাপ্লাই) ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন। তিনি আবেদন, প্রস্তুতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রমাণক উপস্থাপনের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও পিসাক সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এবং আহসানীয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ্। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন ও সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদী।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘আউটকাম-বেইজড এডুকেশন, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন: গুণগত মান উন্নয়নের কাঠামো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটররা অংশ নেন।


