রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পাশে পড়ে থাকা আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় দেখতে পান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে রাতের বেলায় ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করা কঠিন।
১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকির বিষয়ে প্রক্টর বলেন, রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু তাঁকে ওই দিন ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করেছে। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিবেচনায় পুলিশ টহল বাড়ানোর জন্যও বলা হয়েছে। মতিহার থানা এ দায়িত্ব নিয়েছে।


