বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

রাজশাহীতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য অধিকার নিয়ে হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
রাজশাহীতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য অধিকার নিয়ে হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা

শিক্ষার্থী, তরুণ-তরুণী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীতে ‘হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন-০২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরএইচস্টেপের (RHSTEP) অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রাজশাহী ইউনিটের উদ্যোগে নগরীর তালাইমারী শহীদ মিনারসংলগ্ন আলোর পাঠশালা ও পার্শ্ববর্তী এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন আলোর পাঠশালার প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন। এ সময় আরএইচস্টেপের ইউনিট ম্যানেজার মামুনুর রহমান, প্রজেক্ট অফিসার দিপ্তী সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান ইমাম, ২৪ নম্বর ওয়ার্ডের সচিব মো. শামীম হোসেন এবং ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলামসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, রাজশাহী কলেজ ইউনিট এ কার্যক্রমে সহযোগিতা করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আম্বিয়া ইসলাম অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট শান্তনা ও তমা সহযোগিতা করেন।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যবিষয়েও কাউন্সেলিং দেওয়া হয়। নগর স্বাস্থ্য কেন্দ্রের কাউন্সেলর জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণকারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা, মানসিক উদ্বেগ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে পরামর্শ দেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায় ও আক্রান্ত হলে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে স্বাস্থ্যকে শুধু চিকিৎসাসেবা নয়, মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নারী, তরুণ-তরুণী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমান, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যসেবা গ্রহণে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্বও তুলে ধরা হয়।

আয়োজকেরা বলেন, স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা, সামাজিক অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ। তরুণদের নেতৃত্বে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করা গেলে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পুরো কর্মসূচি পরিচালনা করেন আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রাজশাহী ইউনিটের ইয়ুথ অফিসার মো. ফরিদুল ইসলাম। সমাপনীতে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ, অতিথি, স্বাস্থ্যসেবাদানকারী, সহযোগী সংগঠন বাঁধন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্প তরুণ-তরুণীদের স্বাস্থ্য সচেতনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রকল্পটির মূল প্রত্যয়—‘সচেতনতা থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি থেকে পরিবর্তন’।