বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

সাদা-কালো করা হচ্ছে চিপসের প্যাকেট, কারণ কী

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক
১৩ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
শেয়ার
সাদা-কালো করা হচ্ছে চিপসের প্যাকেট, কারণ কী

ইরান যুদ্ধের কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় জাপানের কিছু জনপ্রিয় স্ন্যাকসের রঙিন প্যাকেট এখন সাদা-কালো করা হচ্ছে।

জাপানের টোকিওভিত্তিক খাদ্যপণ্য কোম্পানি ক্যালবি ইনকরপোরেটেড জানিয়েছে, রঙিন প্রিন্টিং কালি তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা দেওয়ায় তারা সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আলুচিপস ও সিরিয়ালসহ বিভিন্ন জনপ্রিয় স্ন্যাকস তৈরি করে। এসব পণ্য জাপানের প্রায় সব কনভেনিয়েন্স স্টোরে পাওয়া যায় এবং যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়।

ক্যালবি এক বিবৃতিতে বলেছে, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামী ২৫ মে থেকে তাদের ১৪টি পণ্যের প্যাকেজে কেবল দুই রঙের কালি ব্যবহার করা হবে। কোম্পানির ভাষ্য, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত।

তবে এই ব্যবস্থা কতদিন চালু থাকবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ক্যালবিতে বর্তমানে পাঁচ হাজারের বেশি কর্মী কাজ করছেন।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল ও বিভিন্ন কাঁচামালের সরবরাহে চাপ পড়েছে। এর প্রভাব এখন খাদ্যপণ্যের প্যাকেজিং শিল্পেও পড়তে শুরু করেছে।