ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল। প্রেসিডেন্টের ভাষ্যমতে, অনেকটা ভাগ্যের জোরেই মিসাইলটি সরাসরি বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে যায় এবং সেটিকে ধ্বংস করে। শত্রুভাবাপন্ন কোনো পক্ষের আক্রমণে ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। ইরানের গভীর ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া ওই বিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসারকে একটি নাটকীয় অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তবে এই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না। পেন্টাগন জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই অভিযানে একটি এ-১০ অ্যাটাক জেট, দুটি এমসি-১৩০জে হারকিউলিস স্পেশাল মিশন ক্রাফট এবং অন্তত একটি হেলিকপ্টার হারিয়েছে মার্কিন বাহিনী। মাত্র কয়েক হাজার ডলার মূল্যের একটি মিসাইলের আঘাতে কয়েকশ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার এই ঘটনাকে বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ‘ম্যানপ্যাড’ হিসেবে পরিচিত এই মিসাইলগুলো ইরান কোথা থেকে পেয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ‘মিলিটারি ব্যালেন্স ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী, ইরানের অস্ত্রাগারে সোভিয়েত আমলের স্ট্রেলা, রাশিয়ার ইগলা এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাগ মিসাইলসহ বিভিন্ন ধরনের ম্যানপ্যাড রয়েছে। মূলত নিচের স্তর দিয়ে ওড়া যুদ্ধবিমানগুলোর জন্য এই হাতে বহনযোগ্য অস্ত্রগুলো বর্তমানে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, এ জাতীয় মিসাইলগুলো আকারে ছোট হওয়ায় এগুলো পরিবহন করা এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। চার থেকে সাড়ে ছয় ফুট লম্বা এবং ২৮ থেকে ৫৫ পাউন্ড ওজনের এই অস্ত্রগুলো অনায়াসেই একটি সাধারণ গাড়ির ডিকিতে বহন করা সম্ভব। রাডারে শনাক্ত করা কঠিন হওয়ার কারণে এই ক্ষুদ্রাকৃতির ক্ষেপণাস্ত্রগুলো এখন মার্কিন বিমানবাহিনীর জন্য আকাশপথে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ঘটনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এক নতুন এবং আরও ঝুঁকিপূর্ণ মোড় নিলো বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র: সিএনএন
ইরানের সস্তা মিসাইলে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ



