বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে তিনি দারুণ দর্শকপ্রিয় ছিলেন। এই তারকা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবার তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান।

গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপিপন্থি সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি দল থেকে একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের বহু শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নিজেকেও নানা ধরনের চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানান, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।


এদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।