বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
জাতীয় নির্বাচনে সীমান্তে নিরাপত্তা জোরদার

রাজশাহী বিভাগে ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
রাজশাহী বিভাগে ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গেও সমন্বয় জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগে প্রায় ৪ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন রাজশাহী বিভাগের সাতটি জেলা (জয়পুরহাট ব্যতীত), ৬২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে প্রায় ১৪৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তের বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে সদস্য স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ হিসেবে দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে রাজশাহী সেক্টরে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার বলেন, সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দুটি আধুনিক এপিসিসহ এক প্লাটুন বিজিবি কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় সাতটি কুকুরসহ (কে–নাইন ইউনিট) এক প্লাটুন মোতায়েন থাকবে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ড্রোন, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ক্যামেরা, ডিজিটাল মনিটরিং ও অডিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট দিয়ে দিন-রাত নৌ টহল চালানো হবে। একই সঙ্গে শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে।

কর্নেল কামাল হোসেন আরও জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বিত টহল ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএসএফও তাদের পক্ষ থেকে সীমান্তে নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।