বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ঘরে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬, ২:০১ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
ঘরে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অন্যতম প্রভাবশালী নেতা মাহাথির মোহাম্মদ ঘরের মধ্যে পড়ে গেছেন। এ ঘটনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহাথিরের এক সহযোগী সুফি ইউসুফ। তিনি জানান, ঘরের বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় মাহাথির পড়ে যান। পরে তাকে রাজধানীর জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।

সুফি ইউসুফ বলেন, “তিনি সচেতন রয়েছেন। তবে এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।” মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্প্রতি কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন ১০০ বছর বয়সী এই প্রবীণ নেতা। এর আগে গত জুলাই মাসে তার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে অংশ নিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হার্টের সমস্যার কারণে মাহাথির মোহাম্মদের আগে একাধিকবার চিকিৎসা নেওয়ার ইতিহাস রয়েছে। অতীতে তার হার্টের বাইপাস সার্জারিও করা হয়।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তিনি প্রথম দফায় ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধানের স্বীকৃতি দেয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথির মালয়েশিয়াকে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। দেশটির রাজনীতিতে এখনো তার প্রভাব ও গুরুত্ব উল্লেখযোগ্য।

সূত্র: এএফপি