ডিসেম্বর মাসের জন্য দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) থেকে জ্বালানি তেলের নতুন এ দাম কার্যকর হবে।
রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাসবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে আগামী ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ডিজেল প্রতি লিটারের দাম ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।



