প্রত্যন্ত হাওর, চর ও পাহাড়ে কর্মরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝূঁকিপূর্ণ বিদ্যালয়গুলো সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।’
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।’
সভার সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক ড. শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


