৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
জানা গেছে, পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বাড়ানোর ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন।
তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্ত বৈষম্যমূলক।
এর আগে, পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি দেন।


