বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
শেয়ার
দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

৫ম বারের মতো দুইদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

পরবর্তীতে সকাল ১১টায় রাষ্ট্রপতি পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। ১১টা ৩০ মিনিটে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও নিরব সময় কাটাবেন। রাতটি সার্কিট হাউজে অবস্থান করে শেষ করবেন।

রোববার (৯ নভেম্বর) সফরের শেষ দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, সার্কিট হাউজ, আরিফপুর কবরস্থান এবং তার নিজ বাসভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময়ে তার পাবনা সফরকে ঘিরে ব্যাপক আয়োজন হতো-ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন ও তোড়ন দিয়ে পুরো এলাকা সাজানো হতো। তবে এবার তার সফর ঘিরে জেলা ব্যাপকভাবে নিরব।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৫ মে প্রথমবারের মতো পাবনায় সফর করেন তিনি। এ পর্যন্ত তিনি পাবনায় মোট চারবার সফর করেছেন। এটি তার পঞ্চম সফর।