২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি কর্মচারীরা প্রকৃতপক্ষে ১৯ দিন ছুটি পাবেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি জানান, নির্ধারিত ছুটির দিনগুলো ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের পাশাপাশি পার্বত্য ও আঞ্চলিক উৎসবগুলোকেও বিবেচনায় রেখে চূড়ান্ত করা হয়েছে।


