বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
শেয়ার
জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওই শিক্ষিকার নাম ড. নাহরিন ইসলাম খান। তিনি জাবির পরিবেশ বিভাগের রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর গাজী টিভির ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক অনুষ্ঠান চলাকালে সঞ্চালক কাজী জেসিনের উপস্থিতিতে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তিনি বলেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন, জামায়াতের লোকেরা নারী লোভী। ইতোমধ্যে সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

বিবিসি বাংলার সাক্ষাৎকার পর্যালোচনা করে দেখা যায়, জামায়াত নেতা বলেছিলেন ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তবে আমাদের দ্বারা কেউ হয়রানির শিকার হননি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সাপোর্টারদের ভোট আমাদের দিকে আসবে।

জামায়াত নেতা অধ্যাপক জাহিদুল অভিযোগ করে বলেন- এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। যা আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। এমনকি এই ধরনের কথা আমি কখনো বলিনি। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করতে এই বক্তব্য দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জজ আদালতের অ্যাডভোকেট মো. আবু তালেব বলেন, আদালতে আমরা ভিডিও ক্লিপসহ সব প্রমাণ উপস্থাপন করেছি। আদালত মামলাটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।