ভাষাসংগ্রামী, লেখক ও রবীন্দ্রগবেষক আহমদ রফিকের স্মরণে শোকসভা আয়োজনের লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১০ অক্টোবর, সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি মুনীর সিরাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন। আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদীকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর বিকেল চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও ছাত্র সমাজ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন নবগঠিত এ কমিটি।
আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও গ্রন্থ রচনা করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রাম কলেজ ও ঢাকা কলেজে অধ্যাপনা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্রস্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননা। ২০২৫ সালের ২ অক্টোবর রাজধানীর বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভাষাসংগ্রামী আহমদ রফিকের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের এই শোকসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শোকসভা আয়োজকরা।



