বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
আধুনিকায়নে ফিজিবিলিটি স্টাডি করবে প্রাণিসম্পদ অধিদপ্তর

বিশ্বমানের আদলে সাজবে রাজশাহী চিড়িয়াখানা, যুক্ত হবে নতুন পশুপাখি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
শেয়ার
বিজ্ঞাপন
বিশ্বমানের আদলে সাজবে রাজশাহী চিড়িয়াখানা, যুক্ত হবে নতুন পশুপাখি

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করতে কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা যাচাইয়ে ফিজিবিলিটি স্টাডি করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।

আজ শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। তারা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক  মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনা নগরবাসীর দীর্ঘদিনের দাবি। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে উপস্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তারা পরিদর্শন করলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, চিড়িয়াখানাটির সম্ভাবনা যাচাই করে ফিজিবিলিটি স্টাডি করা হবে। এর ভিত্তিতে আধুনিক ও আকর্ষণীয় চিড়িয়াখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর আদলে এটিকে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।