বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত

আট বছর পর দেশে ফিরলেন শ্যামল, তবে কফিনবন্দী হয়ে

উত্তরা প্রতিদিন হাফিজুর রহমান, বাগমারা
২৮ আগস্ট ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
শেয়ার
আট বছর পর দেশে ফিরলেন শ্যামল, তবে কফিনবন্দী হয়ে

দীর্ঘ আট বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শ্যামল উদ্দিন মাঝি (৪৬)। স্ত্রী-সন্তানদের সঙ্গে আবারও একসঙ্গে থাকার স্বপ্ন দেখছিলেন। স্বজনদেরও অপেক্ষা ছিল প্রিয় মানুষটির ফিরে আসার। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো হৃদয়বিদারকভাবে। জীবিত শ্যামল আর ফিরলেন না; বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে ফিরেছে তার নিথর মরদেহ।

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের প্রবাসী শ্যামল উদ্দিন মাঝির মরদেহ রাত ৩টার দিকে বাড়িতে পৌঁছায়। মরদেহ আসার খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা বাড়িতে ছুটে আসেন। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

পরিবারের সদস্যরা জানান, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শ্যামল। রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ৯ আগস্ট রাতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাদেরই একজন ছিলেন শ্যামল।

স্বজনরা জানান, দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শ্যামল। পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথোপকথনেও দ্রুত দেশে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। তাই স্বজনরা তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছিলেন। সেই অপেক্ষার প্রহর শেষ হলো ঠিকই, তবে প্রিয় মানুষটি ফিরলেন লাশ হয়ে।

প্রতিবেশী রাহাত আলী বলেন, দীর্ঘ আট বছর পর শ্যামলের দেশে ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যে তাঁর মেয়ের বিয়ের প্রস্তুতিও চলছিল। কিন্তু জীবিত নয়, কফিনবন্দী হয়ে ফিরলেন তিনি। মরদেহ বাড়িতে পৌঁছালে স্ত্রী ও সন্তানদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ইউপি চেয়ারম্যান ও প্রতিবেশী রফিকুল ইসলাম রফিক বলেন, সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় আট বছর আগে সৌদি আরবে যান শ্যামল। রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতেন তিনি। গত ৯ আগস্ট ওই কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শ্যামলও ছিলেন।

তিনি বলেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শ্যামল। শেষ কথোপকথনেও দ্রুত বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও তিন কন্যাসন্তান অনিশ্চয়তায় পড়েছেন। পরিবারের ভবিষ্যতের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।

শ্যামল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং সংসারে স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করেও শেষ পর্যন্ত তাঁদের কাছে ফিরতে হলো কফিনবন্দী হয়ে।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী ও স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাবাকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা তিন মেয়ের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। শ্যামলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ঝিকড়া ইউনিয়নে।

স্থানীয়রা জানান, শ্যামলের মৃত্যুতে পরিবারটি শুধু একজন স্বজনকেই হারায়নি, হারিয়েছে তাদের একমাত্র উপার্জনের অবলম্বন। তিন কন্যাসন্তান নিয়ে তাঁর পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে। তাই এই কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।